রেকর্ডগড়া সেঞ্চুরিতে সবার ওপরে মুশফিক
ঢাকা টেস্টেই সেঞ্চুরের কাছে পৌঁছেছিলেন মুশফিকুর রহিম। সুযোগ ছিল জন্মদিন রাঙিয়ে রেকর্ড করা সেঞ্চুরি করার। সেদিন আক্ষেপ নিয়ে ফিরেছিলেন তিনি। সিলেট টেস্টে সেই আক্ষেপ ঘুচিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক। রেকর্ডগড়া সেঞ্চুরিতে সবাইকে ছাড়িয়ে জায়গা করে নিলেন চূড়ায়।
আজ সোমবার (১৮ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করছিলেন মি. ডিপেন্ডেবল। এই সময়ের মধ্যে ফিরে গেছেন আরও চার ব্যাটার। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন মুশফিক।
হাফসেঞ্চুরি পার করে সেঞ্চুরির আশা জাগিয়ে চা বিরতিতে গিয়েছিলেন মুশফিক। বিরতি থেকে ফিরে পূর্ণতা দিয়েছেন সেটিকে। মোহাম্মদ আব্বাসকে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার। এটি তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরিতে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে চূড়ায় বসেছেন মুশফিক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তার। ছাড়িয়ে গেছেন এই টেস্টেও তার সতীর্থ হিসেবে খেলা মুমিনুল হককে। এতোদিন ১৩টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিক আর মুমিনুল। এবার এককভাবে চূড়ায় উঠলেন তিনি।
