প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারতের মধ্যকার বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মাধ্যমে তার নামে হওয়া মামলাগুলোর বিচারের মুখোমুখি হোন।
আজ রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক বিশেষ সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে— শেখ হাসিনা ট্রাভেল পাস (ভ্রমণ অনুমতি) চেয়ে আবেদন করতে পারেন এবং তিনি যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন।
এ বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি বা কোনো তথ্য সরকারের কাছে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন আগেও কথা বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে অনেক আগেই একাধিকবার চিঠি পাঠিয়েছি।
আইনি প্রক্রিয়ার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা এখনো বিশ্বাস করি যে আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির সব নিয়ম অনুযায়ী ভারত সরকার তাকে আমাদের কাছে ফেরত পাঠাবে। আমরা তো চাই তিনি দেশে ফিরে আসুক এবং এখানে আইনের মুখোমুখি হোন।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
