ঈদ যাত্রায় নারীদের জন্য রেলে আলাদা কোচ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা কোচের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি জানান, বিষয়টি নিয়ে গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী স্বয়ং তাঁকে ফোন করে এই বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আজ সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি ট্রেনে আজ থেকেই নারীরা সম্পূর্ণ আলাদা কোচে যাতায়াত করতে পারবেন। আর ঈদের ছুটি শেষ হওয়ার পর দেশের প্রতিটি আন্তনগর ট্রেনেই নারীদের জন্য একটি করে আলাদা কোচ যুক্ত করার স্থায়ী পরিকল্পনা করছে সরকার।’
ঈদুল আজহায় দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে জানিয়ে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।
