পুলিসিক-ম্যাককেনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
১৫ দিন বাকি আছে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ঘরের মাঠে বিশ্বমঞ্চের এই মহালড়ায়ের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
আজ বুধবার (২৭ মে) তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিককে অধিনায়ক করে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। গত কাতার বিশ্বকাপে খেলা অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ঘরোয়া লিগের তরুণ প্রতিভাদের মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একটি স্কোয়াড সাজিয়েছেন তিনি।
ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের মূল ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক। এসি মিলানের এই তারকার সঙ্গে আক্রমণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন ফোলারিন বালোগান ও জিও রেইনার মতো ইনফর্ম ফুটবলাররা। অন্যদিকে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও খেলার গতি বাড়ানোর মূল দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি এবং টাইলার অ্যাডামসকে।
বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। স্কোয়াডের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত যে ঘরের মাঠে বিশ্বমঞ্চে সাফল্য এনে দেওয়ার জন্য এটিই আমাদের সেরা ২৬ জন খেলোয়াড়ের দল। এদের ওপর আমাদের পুরো ভরসা আছে।’
দল গঠনের কঠিন চ্যালেঞ্জের কথা জানিয়ে পচেত্তিনো আরও বলেন, ‘বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা সবসময়ই বেশ কঠিন সিদ্ধান্ত। যারা এই পুরো বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচগুলোর যাত্রায় আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই দলটি দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে এবং কোটি ভক্তকে গর্বিত করতে নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’
এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক। বাংলাদেশ সময় আগামী ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পচেত্তিনোর শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : ক্রিস ব্রেডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার।
ডিফেন্ডার : ম্যাক্স আরফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি।
মিডফিল্ডার : টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলদান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিশ্চিয়ান পুলিসিক (অধিনায়ক), জিও রেইনা, মালিক টিলম্যান, টিমোথি উইয়াহ, আলেহান্দ্রো জেন্দেহাস।
ফরোয়ার্ড : ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।