রোড ডিভাইডার ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪
রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। পটুয়াখালী থেকে আসা বেপরোয়া গতির একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
আজ বুধবার (২৭ মে) সকাল ৬টা ৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনায় নিহতরা হলেন— লাইজু বেগম, খুশি বেগম, মো. রবিউল ও কবির জমাদ্দার।
ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাস নর্দ্দা এলাকায় বেপরোয়া গতিতে চলছিল। নতুন বাজার পার হয়ে উত্তরামুখী সড়ক দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি আইল্যান্ডের ওপর উঠে যায়।
অতিরিক্ত গতির কারণে চালক গাড়ি থামাতে না পারায় বাসটি ডিভাইডার ভেঙে সরাসরি বিপরীত লেনে চলে যায় এবং উত্তরা থেকে গুলিস্তানগামী ‘আকাশ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, আকাশ পরিবহনের বাসটিতে যাত্রী সংখ্যা বেশি ছিল, যার কারণে এই বাসের যাত্রীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।
এ ছাড়া কবির জমাদ্দার নামের আরেকজন গুরুতর আহত যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার এসআই নেসার উদ্দিন আরও বলেন, ‘এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতরা কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকেই ইসলাম পরিবহনের চালক ও হেল্পার গাড়ি ফেলে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
