মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। আপাতত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় ব্যস্ত দলগুলো। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুমেয়ভাবেই আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসি।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের এটি হবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
শিরোপা ধরে রাখার মিশনে কোচ লিওনেল স্কালোনি মূলত তাঁর বিশ্বজয়ী পুরনো সৈনিকদের ওপরই ভরসা রেখেছেন। ২০২২ সালে কাতারে ট্রফি জেতা দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন খেলোয়াড় জায়গা ধরে রেখেছেন এই স্কোয়াডে।
এদিকে, কাতার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে, এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও মাঠের লড়াইয়ে নামা হয়নি এই মিডফিল্ডারের।
ভবিষ্যতের কথা চিন্তা করে এবারের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে জায়গা দিয়েছেন স্কালোনি, যাঁরা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন। এদের মধ্যে ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের পাশাপাশি ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো উদীয়মানরা বিশ্বকাপের টিকিট পেয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাতার বিশ্বকাপ জয়ী দলের নির্ভরযোগ্য লেফট-ব্যাক মার্কোস আকুনা ফিটনেস ও চোটের সমস্যার কারণে এবার দলে জায়গা হারিয়েছেন।
এছাড়া সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করে আলোচনায় থাকা রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া কোচের গুডবুকে জায়গা পাননি।
এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।