সোহেল রানা সুস্থ মাথায় খুন ও ধর্ষণ করেছেন : পিপি
রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণ মামলার যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন, প্রধান আসামি সোহেল রানা ঘটনার সময় মাদকাসক্ত ছিলেন না। তিনি পুরোপুরি সুস্থ মস্তিষ্কেই শিশুটিকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই যুক্তিতর্ক শুনানি শুরু হয়।
পিপি তাঁর বক্তব্যে বলেন, সোহেল রানার স্বীকারোক্তি থেকেই বিষয়টি পরিষ্কার যে, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন। একই সঙ্গে সোহেলের স্ত্রী স্বপ্না সম্পর্কে পিপি অভিযোগ করেন, স্বপ্না চাইলে এই অপরাধ ঠেকাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং খুনের পর লাশ গুম ও স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তিনি।
শুনানির শুরুতে আদালতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আদালতে অসংলগ্ন ও উদ্ভট আচরণ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে জোর করে ধরে রাখেন। এ সময় এক নারী পুলিশ সদস্য তাঁকে ধমক দিলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
আসামিদের এমন আচরণে বিরক্তি প্রকাশ করে বিচারক বলেন, আপনাদের বলছি, যদি আদালতে এমন আচরণ করেন তবে এখনই আপনাদের কারাগারে পাঠিয়ে দেব। আজ আপনাদের বলার কিছু নেই, আইনজীবীরা আপনাদের পক্ষে কথা বলবেন।
