শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটের দিকে বিমানবন্দরের ভেতরে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের ৯ নম্বর গেটের কাছাকাছি অবস্থিত কার্গো শেডে প্রথম আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
