শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে এসেছে

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে এসেছে

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে লাগা আগুন ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের ওই শেডে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীদের নিবিড় প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, রাত ১১টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সক্রিয় কাজ শুরু করেন। মাত্র ৩ মিনিটের মাথায় রাত ১১টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

জানা যায়, ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। সম্মিলিত এই প্রচেষ্টায় মাত্র ১১ মিনিটের মধ্যেই—অর্থাৎ রাত ১১টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

এই ফায়ার সার্ভিস কর্কর্তা বলেন, তবে কার্গো শেডের মালামাল রাখার স্থানে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।