জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় স্থানীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন বলে স্থানীয়ভাবে দাবী করা হচ্ছে। অডিওর এক অংশে শোনা যায়, এক ব্যক্তি বলছেন— ‘লোহাগাড়ায় সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।’
এর জবাবে অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি সংসদ সদস্যকে এলাকায় না আসার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু জনগণের অনুরোধে তিনি সেখানে যাচ্ছেন।
এ বিষয়ে আরমান উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখন পর্যন্ত কোনো অডিও বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।’
সাতকানিয়া ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এ সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য নেই।
ফাঁস হওয়া ওই অডিওটির সত্যতা যাচাই কিংবা এ ঘটনায় কোনো ধরনের তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছে।
সূত্র: দৈনিক কালবেল