‘লক্ষণ ভালো নয়, খুঁটির জোর কোথায়?’

বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিশেষ সংসদ অধিবেশনের দাবি জামায়াতের
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

‘লক্ষণ ভালো নয়, খুঁটির জোর কোথায়?’

চট্টগ্রামের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনেদুপুরে অস্ত্রধারীদের হামলা, ব্যাপক ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?’

গতকাল চকবাজারের চন্দনপুরা এক্সেস রোডের ‘ডিজিটাল ডটনেট’ (ডিডিএন) নামক প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন জানান, হামলার কয়েকদিন আগেই পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর সহযোগী পরিচয় দিয়ে ডেভিড ইমন নামের এক ব্যক্তি তাকে ফোন করে। ফোনে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিল তারা।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী ও সশস্ত্র সন্ত্রাসী দল ডিডিএন-এর প্রশাসনিক কার্যালয়ে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের কয়েকজনের হাতে পিস্তল, রামদা, শাবল ও ধারালো ছোরা ছিল। তারা কার্যালয়ে ঢুকে নির্বিচারে কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র ভাঙচুর করে।