২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও পথশিশুরাও রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। ঐতিহাসিক সেই আন্দোলনে তাদের অংশগ্রহণ ও অবদান স্মরণ করে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আন্দোলন। সমাজের বিত্তবান ও মধ্যবিত্ত মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ এবং পথশিশুরাও বিভিন্নভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের অবদানের কথা অনেকাংশেই আলোচনার বাইরে থেকে গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘রক্তাক্ত জুলাইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে ছিল। সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা অনেকের খোঁজখবর নিলেও এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে সেভাবে দাঁড়াতে পারিনি। তাদের অবদানকে স্মরণ করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুধু একটি দিনের কর্মসূচি নয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের চিকিৎসা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন।’
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছিল পথশিশু ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা। চিকিৎসকরা বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
আয়োজকদের প্রত্যাশা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অবদান স্মরণ করার পাশাপাশি তাদের জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।