নিম্নচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও এর আশপাশের এলাকায় অবস্থান করা স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে।
তবে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্র ও উপকূলের আশপাশে থাকা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।