গালিবের মুক্তির দাবিতে জাবির সাবেক-বর্তমান ছাত্রদল নেতাদের মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে অবিলম্বে তা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গালিব ইমতিয়াজ নাহিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামলাটি করা হয়েছে। তাঁরা গালিবকে জাতীয়তাবাদী রাজনীতির একজন ‘মেধাবী, পরীক্ষিত ও সাহসী তরুণ নেতা’ হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, গালিব ইমতিয়াজ নাহিদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দলের ভেতরে থাকা কিছু ‘হাইব্রিড ও সুযোগসন্ধানী ব্যক্তির অপতৎপরতার’ কারণে গালিব ইমতিয়াজ নাহিদের মুক্তি বিলম্বিত হচ্ছে। তাঁরা বলেন, দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা নেতাদের রাজনৈতিকভাবে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা জাতীয়তাবাদী রাজনীতির জন্য ক্ষতিকর।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের সংস্কৃতি বন্ধ করতে হবে। একজন রাজনৈতিক কর্মীর কারাবাস শুধু তাঁর ব্যক্তিগত স্বাধীনতার বিষয় নয়, বরং এটি ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকারের সঙ্গেও সম্পর্কিত।
মানববন্ধন থেকে গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁকে দ্রুত মুক্তি দেওয়া না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব; সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন (সাকা), ফেরদৌস আলম অপু, শরিফুল ইসলাম সাইফুল, নাজমুল হক ও মির বিটু; যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তমাল; সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (অ. ফ. ম. কামাল উদ্দিন হল) তরিকুল ইসলাম শামীম; সাবেক যুগ্ম আহ্বায়ক (মাওলানা ভাসানী হল) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা জেলার আহ্বায়ক সদস্য বেনজির আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক (মুজিব হল) মোজাহের উদ্দিন হীরা।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, শফিকুল ইসলাম শফিক, নাইমুল হাসান কৌশিক, মুহিবুল্লাহ মুহিব ও রফিকুল ইসলাম এবং সদস্য জাহিদ হাসান (সঞ্চালক), মো. হাসান, এস. এম. তানিম হাসান, মো. সাজ্জাদউল ইসলাম, পিয়াস আহম্মেদ শিশির, সিয়াম আহম্মেদ ও মাহাদী হাসান তরু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে নাহিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাঁকে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।