পলাতক আওয়ামী লীগ সরকার এমন পাহাড়সম ঋণের বোঝা রেখে গেছে যে, ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করাও বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া কোনো ধরনের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।’ তবে বর্তমান সরকার সাধারণ মানুষের কাঁধে অতিরিক্ত করের বোঝা চাপায়নি উল্লেখ করে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ জনগণকে এখন একত্রে কাজ করতে হবে।
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকের উদ্বোধন করেন মন্ত্রী। পুরোনো স্মৃতির রোমন্থন করে তিনি জানান, ত্রিশ বছর আগে তিনি প্রথম এমন পরিচ্ছন্নতা গাড়ি দেখেছিলেন, যা তাকে সে সময় বেশ আনন্দ দিতো। সেই স্মৃতির টানেই আজ নিজে ট্রাক চালিয়ে এই গাড়ির উদ্বোধন করেছেন তিনি।
এ সময় পৌরসভার বর্জ্য সংগ্রহের কাজে ব্যবহৃত এসব মূল্যবান সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের সম্পদের আসল মালিক এ দেশের জনগণ।
সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় দলীয় নেতাকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।