আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

বর্তমান সরকারের মেয়াদকাল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের এই ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা দেশের জনগণই মূল্যায়ন করবে। তবে মানুষের সামগ্রিক প্রত্যাশা পূরণ করতে হলে আরও কিছুটা সময়ের প্রয়োজন।’

জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা মূলত অনুমাননির্ভর। তাই এ ধরনের অনুমানভিত্তিক কোনো প্রতিবেদনকে সরকার আমলে নিচ্ছে না।’

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে একটি ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মেটাতে এবং নির্দিষ্ট সময়ের জন্য পর্যাপ্ত গ্যাস মজুদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ ছাড়া আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসক্ষেত্রগুলো থেকেই গ্যাসের চাহিদা পুরোপুরি মিটিয়ে ফেলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।