বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই : ডা. জাহেদ উর রহমান
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের বিন্দুমাত্র কোনো দায় নেই। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বলে তিনি জানান।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিটি মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে ডা. জাহেদ বলেন, ‘এখন থেকে প্রতি ছয় মাস পর কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং তা কীভাবে বাস্তবায়ন করছে, তার নিয়মিত মূল্যায়ন ও পর্যালোচনা করা হবে। এভাবেই আগামী পাঁচ বছর আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সরকারের নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাগুলো নিয়মিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।’
ভবিষ্যতের গণতান্ত্রিক ধারা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা উভয়ই থাকবে। পরবর্তী সরকারগুলোও জনগণের সঙ্গে এভাবে যোগাযোগ রাখতে নিজেদের কার্যক্রম তুলে ধরতে চাইবে। কেননা পাঁচ বছর পর প্রতিটি সরকারকেই জনগণের কাছে ভোট চাইতে হবে।’
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ এই সরকারকে অত্যন্ত বড় একটি বিজয় উপহার দিয়েছে। সরকার জনগণের সেই কমিটমেন্টকে যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।’
এ সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব প্রদান করেছে। তারা নিজেদের বিচক্ষণতা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন- রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসারসহ শিক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
