ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এই ঘটনায় নিহতের সহকর্মীদের পক্ষ থেকে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। তবে সেই চার্জশিটের প্রতি অনাস্থা জানিয়ে মামলার বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। বর্তমানে এই মামলার আসামিদের একটি অংশ কারাগারে আটক থাকলেও প্রধান অভিযুক্তসহ বেশ কয়েকজন পলাতক রয়েছেন।

এই মামলার পলাতক আসামিরা হলেন—প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, রাজধানী মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মাল পিলিপস, মুক্তি আক্তার ও ফয়সালের বোন জেসমিন আক্তার।