ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু করে সংগঠনটি। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি ফলজ বৃক্ষ রোপণ করবে তারা।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’