১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম

১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন দেশজুড়ে অদক্ষতা, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শিতার নজির তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের দেশের শাসনভার পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এবং সরকার ধীরে ধীরে পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন সরকারের প্রথম ছয় মাসের ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ–বিষয়ক উপকমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ‘বিএনপি সরকারের ১৮০ দিন : পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন-অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনাহীনতা’ শীর্ষক একটি মূল্যায়নমূলক পুস্তিকা পাঠ করেন।

পুস্তিকায় জানানো হয়, ক্ষমতা গ্রহণের পর সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার মতো প্রধান তিনটি অগ্রাধিকার নির্ধারণ করলেও গত ছয় মাসে এর কোনোটিতেই সফল হতে পারেনি।

নাহিদ ইসলাম বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন, কৃষি খাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজার সিন্ডিকেট পুরোনো রূপে ফিরে এসেছে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংস্কারগুলো একে একে বাতিল করে দুর্বল ও অকার্যকর আইন প্রণয়ন করা হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় ব্যাপক দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারদলীয় লোকজনের হামলা অব্যাহত রয়েছে এবং পুলিশ প্রশাসনকে আবারও দলীয় বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। সরকারের এসব ব্যর্থতার বিপরীতে বিরোধী দল হিসেবে এনসিপি ও ১১ দলীয় ঐক্য অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বলেও দাবি করেন তিনি।

সরকারের ব্যর্থতার বিরুদ্ধে খুব দ্রুতই ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পাঁচ-ছয়টি বিভাগে লংমার্চ এবং পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে ঘোষণা দেন নাহিদ ইসলাম। এছাড়া সংবাদ সম্মেলনে ভারতের মাটিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান আরও স্পষ্ট ও জোরালো হওয়া উচিত।