ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা
ইরানে নতুন করে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনী একের পর এক বিমান হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার, কোনারাক, কুহেস্তাক, জাস্ক, সিরিক, লাভান দ্বীপ এবং আসালুয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সেখানে এখনো হামলা অব্যাহত রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সাধারণ মানুষ এই হামলায় আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার জবাবে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর থেকে এই সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী।
এর আগে গত সোমবার গভীর রাতে হরমুজ প্রণালীতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ট্যাংকার দুটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। তার আগের দিন রোববার জর্ডানে মার্কিন বিমানবাহিনীর অবস্থান লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইআরজিসি। যদিও যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সে যাত্রায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে তেহরান।
