মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন : জামায়াত আমির

মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন : জামায়াত আমির
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : ঢাকা মনিটর ২৪

মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন : জামায়াত আমির

আজ আমাদের দ্বিতীয় দফা লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এই হুংকার দিয়ে সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সময় থাকতে জনগণের সব যৌক্তিক দাবি মেনে নিন, নতুবা আন্দোলন আরও তীব্র হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, সরকার দাবিগুলো মেনে না নিলে আমাদের আট দফা এক দফায় রূপ নেবে। তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আমরা কথা দিচ্ছি, জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, লংমার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কেউ এই আন্দোলন থামাতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তাকেই এখন ঠিক করতে হবে তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন—সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মতো হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা ছেড়ে বিদায় নেবেন।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় একটি মহলের মাঝে হাহাকার শুরু হয়েছে। দেশবাসীকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমরা এই লংমার্চ করছি। কোনো মুনাফেকের কথায় কেউ বিপথগামী হবেন না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, সরকারকে পরিষ্কার ভাষায় বলছি, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। আপনারা যদি এই রায় বাস্তবায়ন না করেন, তবে ইতিহাসে নিজেদের নাম বিশ্বাসঘাতক হিসেবে দেখতে পাবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকারের সেই বিশ্বাসঘাতকতার কথা দেশের কোটি কোটি মানুষকে জানাতেই আমরা এই লংমার্চ নিয়ে রাস্তায় নেমেছি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, বর্তমান সরকার মাত্র সাত মাসের ব্যবধানে পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা জুলাই সনদের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি শিক্ষাঙ্গনগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।

এতে আরও বক্তব্য দেন- মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, মুজিবুর রহমান মঞ্জু, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, মাওলানা জালালুদ্দিন, মুফতি ফখরুল ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল আটটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পথিমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় নির্ধারিত পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এই বহরের। সবশেষে রংপুরের জিলা স্কুল মাঠে একটি বিশাল সমাপনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শেষ হবে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন