এমপি মনিরুল হকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে রাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ
জাতীয় সংসদে বর্তমান বিএনপির সংসদ সদস্য মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
রোববার (১৪ জুন) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্ত্বরের লিচুতলা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে তারা, ‘নিকাবের অপমান, সইবে না রে মুসলমান’ , ‘হিজাব-নিকাব বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ’ , ‘হিজাব মায়ের অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘হিজাব দেখে গা জ্বলে, যা চলে যা জঙ্গলে’, ‘ইনকিলাব ইনকিলাব,জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়ে শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বোরখা, হিজাব, নিকাব নিয়ে যে কটুক্তি করেছেন এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম ধারণা দিয়েছিলেন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই ইসলাম নিয়ে কটুক্তি করছেন।’
‘বিএনপি ইসলাম বিদ্বেষের নামান্তর’ মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যেই বিএনপি পর্দার বিরুদ্ধে কথা বলে সারা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের কলিজায় আঘাত করেছে, সেই বিএনপিকে অবাঞ্ছিত ঘোষনা করা দরকার।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল বারবার পর্দা ও ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রমাণ করতে চাচ্ছে তারা বাম-নাস্তিকদের আদর্শ গ্রহণ করেছে।’
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, শিবির সমর্থিত রাকসুর নির্বাচিত প্রতিনিধি সহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।