জাবির ট্রেজারার পরিবর্তন, দায়িত্ব পেলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. সোহেল রানাকে শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে হবে— কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, কোষাধ্যক্ষ হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী কোষাধ্যক্ষের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. সোহেল রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।