সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। রোববার (৯ আগস্ট) দিনগত রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রবাসীরা হলেন— আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল; বিশা ইউনিয়নের সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তাদের সবার বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ায় ভেতরে আটকা পড়েন শ্রমিকরা।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুনে পুড়ে আত্রাইয়ের ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার কাজ ও খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে, যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমানো স্বজনদের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে আত্রাইয়ের গ্রামগুলোতে এখন গভীর শোকের মাতম চলছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নিহত প্রবাসীদের স্বজনদের গ্রামে পরিদর্শনের গিয়েছেন।
মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে ঘটনাটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।