২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর সব বোর্ড মিলিয়ে গড়ে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এবারের ফলাফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
১১টি শিক্ষা বোর্ডের (৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি) সার্বিক পরিসংখ্যান বলছে, এবার মোট পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে কেবল সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার ৬৪.৫০ শতাংশ। সাধারণ ধারায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন।
সাধারণ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন; যার মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।