বিমানবন্দরের সামনে স্বর্ণ ছিনতাই, ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার

বিমানবন্দরের সামনে স্বর্ণ ছিনতাই, ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার
বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। ছবি : সংগৃহীত

বিমানবন্দরের সামনে স্বর্ণ ছিনতাই, ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মালয়েশীয় প্রবাসীর পাঠানো স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের দুই শীর্ষ নেতাসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

শনিবার রাত ও রোববার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও এক-দুজন পলাতক রয়েছেন।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী এক প্রবাসীর ভাইয়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দর থানায় মামলাটি করেন ভুক্তভোগী প্রবাসীর ভাই মো. সুমন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর, থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। পরিবারের সদস্য ও বোনের বিয়ের জন্য তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাত আটটার দিকে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ভাইয়ের পরিচিত লোকজনের কাছ থেকে ওই স্বর্ণ সংগ্রহ করে একটি ভাড়ায় চালিত গাড়িতে ওঠেন বাদী ও তার বন্ধু রোহান চৌধুরী।

এর ঠিক পাঁচ মিনিট পর রাত আটটা পাঁচ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করেন। এ সময় তারা ভুক্তভোগীদের ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে তাদের কাছে বোমা আছে বলে চিৎকার শুরু করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে জোরপূর্বক তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।