নির্যাতনের শিকার রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাই : মুক্তিযুদ্ধমন্ত্রী
বিগত ১৭ বছরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে সরকার।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই কথা জানান।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ববরণ করেছেন কিংবা আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য নতুন আরেকটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে ইতোমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটি ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এ দিন একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বলে জানান মন্ত্রী।
