হাদি হত্যা : প্রধান অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. সাইফুর রহমান অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার বিভিন্ন হিসাবের মাধ্যমে প্রায় ১২৭ কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থেই তাদের বিদেশ যাওয়া ঠেকা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি ভারতের কারাগারে বন্দি রয়েছেন।
