শিশু আছিয়া হত্যা আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা : আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা : আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের ওপর শুনানি শেষে আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই রায় ঘোষণা করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেলা ১২টার দিকে এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও ইমাম হোসেন তারেক। অন্যদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের মার্চ মাসে রমজানের ছুটিতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু আছিয়া। ওই বছরের ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান।

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ সবাইকে গ্রেফতার করে।

তদন্ত শেষে গত বছরের ১৩ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ শেষ করে একই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

তবে ওই রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছিল। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই (১৭) ও সজীবের মা জাহেদা বেগম (৪০)।

নিয়ম অনুযায়ী বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়। সব প্রক্রিয়া ও পেপারবুক প্রস্তুত শেষে হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় এবং আজ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করলেন।