পাবনা নিয়ে অভিনেতা জয়ের বিতর্কিত মন্তব্যে স্থানীয়দের ক্ষোভ
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পাবনা জেলা নিয়ে করা মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাবনার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জয় পাবনা জেলা না দেখেই এমন মন্তব্য করেছেন। তার এই মন্তব্য পাবনা জেলাকে ছোট করেছে।
বৃহস্পতবিার (৪ সেপ্টেম্বর) শাহরিয়ার নাজিম জয় পাবনা জেলা নিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘শুটিংয়ে পাবনা গিয়েছিলাম। পুরনো বাড়িঘর। রাস্তা চাপা। সবচেয়ে পিছিয়ে পড়া একটি শহর। ভালো হোটেল নেই রেস্টুরেন্ট নেই। কিন্তু টাকাওয়ালার অভাব নেই।’
জয়ের সেই পোস্টের কমেন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাবনার জেলার অনেকেই। পাবনার জনপ্রিয় কমেডিয়ান রাশেদ শিকদার লিখেছেন, ‘পাবনায় নাকি ভালো হোটেল না, ও ভাইরে ভাই! এই বিনোদন রাখি কোথায়? শাকিব-অপু থেকে শুরু করে কতশত মহারথী এখানে এসে থেকে গেছে।’
আরও পড়ুন- মেহমেদ ফাতিহ সুলতান সিজন ৩ প্রচার হবে যেদিন থেকে
মোহাম্মদ রফিক নামের একজন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘পাবনার পুরাতন বিল্ডিং গুলোই পাবনার ঐতিহ্য তুলে ধরে.. পাবনা তে বসবাস ছিলো রাজাদের.. এটা রাজাদের শহর। আপনার মতো ছোটলোক, যে প্রধানমন্ত্রীর কাছে প্লট ভিক্ষা চাই, তাদের শহর না। পাবনার মানুষদের কাছে, পাবনার এই পুরাতন বিল্ডিং গুলোই গৌরবের। আর একটা কথা, গুগলে সার্চ করে দেখবেন, পাবনাতে কি আছে আর কি নেই।’

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের করা ফেসবুক পোস্টের স্ক্রিণশট
লাইলাতুল আনসারি গোধুলি নামের একজন ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ‘পাবনা সম্পর্কে আপনার এতো ক্ষোভ কেন?? সস্তা পরিচালকের সাথে হয়তো কাজ করেছেন, এজন্য সস্তা হোটেলে বসিয়েছে। ভাল মানের হোটেল, রেস্টুরেন্টে রিসোর্টে চলে যেতেন… নাকি আপনার কাজের বাজেট ছিল না এতো ভাল ভাল জায়গায় থাকার আর খাওয়ার। আপনাকে মনে হয় পাবনার ছাওয়াল পল পাত্তা দেয় নাই, তাই পাবনার প্রতি মনে এতো ক্ষোভ আহারে।’
আফরোজা জামান নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনি পাবনার কিছুই দেখেননি তাহলে। আমার বাসায় আপনার দাওয়াত। আর আমি কিন্তু আপনার একজন ভক্ত। ছোট বেলায় আপনার নাটক দেখতাম। আমার অনেক প্রিয় একজন নায়ক ছিলেন আপনি।’
আনিকা তাসনিম নামের একজন লিখেছেন, ‘রাস্তার অবস্থা খারাপ এটা সত্যি। তবে পাবনায় পুরাতন বাড়িঘর এইটা কেউ মানবি না। রেস্টুরেন্টের যে কত আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনি যদি এখন শুটিং দপ (নীচু) এলাকায় যায়ে (গিয়ে) করেন তো আমরা কি করবো। পাবনা যেমন টাকাওয়ালা আছে তেমন নিত্যনতুন বাড়িও আছে।’