রাজধানীতে দিবালকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশ্য দিবালোকে রাজধানীর সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের সিকিউরিটি গার্ড মো. তালহা বলেন, “দুইজন লোক রিক্সা দিয়ে আসলো তারপর একজন প্রথমে গুলি করে, গুলি প্রথমে পায়ে লাগে। এরপর লোকটি পরে যাওয়ার পর আবার ৩/৪ টা গুলি করে লোকগুলো দৌড়ে পালিয়ে যায়।”
নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, “বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল বলেও জানান তিনি।”
কোতোয়ালি জোন পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক জানান, আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, “ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ওই ব্যক্তির বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন।”
পুলিশ জানায়, “তাকে দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।”