জাবিতে ফের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার, ফল বাতিলের সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (চ্যাটজিপিটি) ব্যবহার করে অনিয়মের অভিযোগে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে।
আটক ভর্তিচ্ছু শিক্ষার্থী হলেন মো. মাহমুদুল্লাহ হাসান। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুস সোবহান।
আরও পড়ুন- রাজনৈতিক আনুগত্যে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন জাবি উপাচার্য
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে তিনি মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে প্রশ্নের উত্তর নেওয়ার সময় দায়িত্বরত শিক্ষকের হাতে হাতেনাতে ধরা পড়েন। তিনি পরীক্ষার হলে পিছনের সারিতে বসে প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল ফোনে উত্তর লিখছিলেন বলে জানা গেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই কৌশলে অনিয়ম করে অংশ নেন ওই ভর্তিচ্ছু। সেদিন তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০১ নম্বর কক্ষে পঞ্চম শিফটে (৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট) পরীক্ষায় অংশ নেন এবং প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দেন।
পরবর্তীতে ২৫ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে তিনি পঞ্চম শিফটে ২৪২তম স্থান অর্জন করেন। তার রোল নম্বর ছিল ৪১৩৩৬৪২।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “আমরা ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেছি। তথ্য-প্রমাণ যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
ঘটনাটি জানাজানি হলে ভর্তি পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার রোধে নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।