গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা ফের বৃদ্ধি
নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (GST) ২০২৫-২০২৬, আবেদনের সময় নতুন করে আবারও বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনরায় ভর্তি পরীক্ষার আবেদনের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) সম্প্রীতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিবেচনায় ১২ জানুয়ারি ২০২৬ দুপুর ১২ টা থেকে ১৬ জানুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত GST ভর্তি পরীক্ষার জন্য নিদিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আবেদন করা যাবে।
উল্লেখিত শর্ত: প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায়ে (১২ জানুয়ারি ২০২৬ হতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত) আবেদনকৃত সকল শিক্ষার্থী জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবে।
এছাড়া নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোন একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত)-এর কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হওয়ার মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল, ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর)।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা)৷ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (সিরাজগঞ্জ), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (গাজীপুর)।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রকোণা), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ), পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর), নওগাঁ বিশ্ববিদ্যালয় (নওগাঁ)।
সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত প্রকাশিত হয়েছে। এতে এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য)-ইউনিটের মাধ্যমে হিসাব বিজ্ঞান (ACC) বিভাগে যথাক্রমে ১২, ৮ ও ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।