রাজধানীতে কবি ফররুখ আহমেদের ‘অগ্রন্থিত ফররুখ’ গ্রন্থের মোড়ক উন্মোচন
মুসলিম রেনেসাঁর কালজয়ী কবি ফররুখ আহমেদের অগ্রন্থিত কবিতা ও গদ্যের এক অনন্য সংকলন ‘অগ্রন্থিত ফররুখ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির উন্মোচন করা হয়।
‘গানের খেয়া’ থেকে প্রকাশিত এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন তাওহীদুল ইসলাম।
‘অগ্রন্থিত ফররুখ’ বইটিতে কবির ৬০টি সাময়িকীতে প্রকাশিত ২৪৫টি অগ্রন্থিত কবিতা এবং ২৭টি গদ্য স্থান পেয়েছে। গবেষণাধর্মী এই সংকলনে প্রতিটি কবিতার নিচে প্রাসঙ্গিক তথ্য সংযোজন করা হয়েছে। এছাড়া কবিতাগুলোকে বৈচিত্র্য অনুযায়ী শিশুতোষ রচনা, অনুবাদ, ব্যঙ্গ এবং নিবেদিত কবিতা—এই চার ভাগে বিন্যস্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার বলেন, “ফররুখ আহমেদ ছিলেন সিসাঢালা প্রাচীরের মতো অটল। তার আদর্শিক ভিত এতই মজবুত যে, সেখানে আঘাত করতে এলে আঘাতকারীই ক্ষতিগ্রস্ত হবে।” কবির শব্দভাণ্ডারের প্রশংসা করে তিনি আরও বলেন, “কবি তার কবিতায় ‘দরিয়া’ শব্দের যে অনন্য প্রয়োগ ও ব্যঞ্জনা তৈরি করেছেন, কেবল তার জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল।”
রিদওয়ানুর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহ আব্দুল হালিম, আবুল কাশেম হায়দার এবং কবি জাকির আবু জাফর। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে কবি ফররুখ আহমেদের কালজয়ী কবিতা থেকে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
সংকলক তাওহীদুল ইসলাম জানান, ফররুখপ্রেমী ও গবেষকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতেই এই অগ্রন্থিত লেখাগুলো পরম যত্নে এক মলাটে আনা হয়েছে, যা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে