হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করল ইরান
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইরান শুক্রবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করেছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির পথে থাকা দুটি প্রধান বাধা দূর হতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছে।
লেবাননে বাস্তুচ্যুত পরিবারগুলো গাড়ির ছাদে মালপত্র তুলে সড়কে নেমে পড়ে। ১০ দিনের যুদ্ধবিরতির সুযোগে তারা বোমাবিধ্বস্ত দক্ষিণ বৈরুত ও দেশের দক্ষিণাঞ্চলে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে।
তেহরান থেকে এএফপি জানায়, লেবাননে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে।
তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালিতে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’
তবে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক জাহাজের চলাচল এখনও নিষিদ্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই ঘোষণাকে তাৎক্ষণিক স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে ‘ধন্যবাদ’ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।