ইরানের জন্য এটাই শেষ সুযোগ : ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন চরমে। এর মধ্যেই তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তিতে আসার জন্য এটাই ইরানের সামনে ‘শেষ সুযোগ’।
অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ পুরো দেশ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘একই ভুল’ আর করতে চান না। ২০১৫ সালে ওবামা প্রশাসনের করা ইরান পরমাণু চুক্তির তীব্র সমালোচনা করে তিনি নিজের অনড় অবস্থানের কথা জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, “যদি ইরান এই নতুন চুক্তিতে সই না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।”
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ট্রাম্পের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করলে ইরানের প্রতিটি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।
এত উত্তেজনার মাঝেও আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবে।
তবে ইসলামাবাদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা থাকছেন, তা তিনি নির্দিষ্ট করে বলেননি। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।