ইরান কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

ইরান কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরান কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কথা শোনা যাচ্ছে। এই মাঝে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান আত্মসমর্পণ করবে না। খবর বিবিসি।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “মার্কিন সরকারের ওপর ইরানের ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ রয়েছে। যেকোনো অর্থপূর্ণ সংলাপের প্রধান ভিত্তি হতে হবে ‘প্রতিশ্রুতি রক্ষা করা’। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র যদি অতীতের চুক্তিগুলো রক্ষা না করে, তাহলে আলোচনার কোনো উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি প্রেসিডেন্ট মার্কিন কর্মকর্তাদের আচরণের তীব্র সমালোচনা করেন।

তিনি লিখেন, “মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে আসা অস্পষ্ট ও পরস্পরবিরোধী সংকেতগুলো একটি তিক্ত বার্তা বহন করে। তারা মূলত আলোচনার নামে ইরানের আত্মসমর্পণ চায়।”

তিনি আরও বলেন, ইরান সবসময় শান্তি চায়, তবে তা অবশ্যই সম্মান ও সমতার ভিত্তিতে হতে হবে। চাপের মুখে কোনো চুক্তি করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ইরানি প্রেসিডেন্টের এই কঠোর মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, পাকিস্তানে আজই একটি শান্তি চুক্তি সই হতে পারে।

ট্রাম্প জানিয়েছিলেন যে, মার্কিন প্রতিনিধি দল সোমবার (২১ এপ্রিল) ইসলামাবাদে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তবে তেহরান এখন পর্যন্ত এমন কোনো সংকেত দেয়নি যে তারা নমনীয় হচ্ছে।