ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাবেক সেনাসদস্যরা (ভেটেরান)। এই ঘটনায় ৬০ জনেরও বেশি সাবেক সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ এই তথ্য নিশ্চিত করেছে।
কংগ্রেসের ‘ক্যানন হাউস অফিস বিল্ডিং’-এর ভেতরে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভের নেতৃত্বে ছিল সাবেক সেনাদের বেশ কয়েকটি সংগঠন। তারা ক্যানন ভবনের কেন্দ্রে জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা জানান, মার্কিন হামলায় নিহত সাধারণ ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা এই লাল ফুল বেছে নিয়েছেন। এ সময় তাঁদের হাতে ‘ইরানের ওপর যুদ্ধ বন্ধ করো’ লেখা বড় ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাবেক সেনারা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে জাতীয় পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা পালন করছেন। এই যুদ্ধে এখন পর্যন্ত যে ১৩ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালীন পুরো ভবন যুদ্ধবিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের হাত প্লাস্টিকের দড়ি (জিপ-টাই) দিয়ে বেঁধে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, অন্তত ৬২ জনকে আটক করা হয়েছে।
ইরানে মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি খোদ সাবেক সেনাসদস্যদের এই বিদ্রোহ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সুত্র : আল জাজিরা