উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া দায়িত্বজ্ঞানহীন: জাবি ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি এ ধরনের বক্তব্যকে “সত্যের অপলাপ, দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করেছে।
রোববার (১৭ মে) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তরের স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে সাম্প্রতিক ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল জানায়, এ ধরনের অপরাধ দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
সংগঠনটির অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন অনিয়ম, নিপীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনায় প্রশাসন শুরু থেকেই অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ অবস্থায় উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বক্তব্য বলেই তারা মনে করছে।
বিবৃতিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
একই সঙ্গে তারা সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তি আক্রমণ ও রাজনৈতিক বিভাজনের পরিবর্তে অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
