ইরান যুদ্ধ নিয়ে দ্রুতই চুক্তির ঘোষণা আসতে পারে: রুবিও

ইরান যুদ্ধ নিয়ে দ্রুতই চুক্তির ঘোষণা আসতে পারে: রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে দ্রুতই চুক্তির ঘোষণা আসতে পারে: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে এমন একটি চুক্তির ঘোষণা রোববারই আসতে পারে, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার পথ তৈরি করবে।

তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব হয়তো একটি ভালো খবর পেতে পারে।’ নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভারত সফরে থাকা রুবিও বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, এই চুক্তি এমন একটি ‘প্রক্রিয়া’ শুরু করবে, যা শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবে। অর্থাৎ এমন একটি বিশ্ব, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আর কাউকে ভয়ে বা উদ্বেগে থাকতে হবে না।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত থাকা একটি প্রস্তাবের ‘বেশিরভাগ আলোচনা’ সম্পন্ন হয়েছে।

শনিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আরও কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তির বেশিরভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।’