ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
শনিবার (২৩ মে) পানামা সফরের সময় সেখানে বসবাসরত ভেনেজুয়েলার প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। পানামা সিটি থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নিজের অবস্থানের কথা পরিষ্কার করে মাচাদো সরাসরি বলেন, ‘আমি আগামী নির্বাচনে প্রার্থী হব।’
ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বিভিন্ন পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রয়েছে এই নারী নেত্রীর। তিনি বিশ্বাস করেন, মার্কিন প্রশাসনের এসব পদক্ষেপ ও চাপ শেষ পর্যন্ত ভেনেজুয়েলায় একটি নতুন এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করবে।
নিজের রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে মাচাদো বলেন, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য। আর তা হলো— দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করা। একই সঙ্গে একটি স্বাধীন ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, যেখানে দেশ-বিদেশে থাকা সব ভেনেজুয়েলাবাসী কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারবেন।’
যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমরা বর্তমান মার্কিন সরকার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর গভীর আস্থা রাখি। ভেনেজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারে এ পর্যন্ত তাঁরা যে অগ্রগতি দেখিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ জানাই।’
পানামা সফরের অংশ হিসেবে আগামীকাল সোমবারও সেখানে অবস্থান করবেন মাচাদো। সফরকালে তিনি পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশটির জাতীয় পরিষদ (পার্লামেন্ট) পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার বর্তমান শাসক নিকোলাস মাদুরোকে আটকে করার পর দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে উদ্ভূত পরিস্থিতির কারণে ভেনেজুয়েলায় এখনো নতুন কোনো নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তার আগেই বিরোধী শিবিরের প্রধান মুখ হিসেবে নিজের প্রার্থীতা জানিয়ে দিলেন মাচাদো।
