‘বনলতা এক্সপ্রেস’র সেই মোশাররফ করিমকেই নাটকে চান ভক্তরা
ছোট পর্দা থেকে বড় পর্দা—সবখানেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন ‘অভিনয়ের রাজা’ এবং ‘অভিনয়ের জাকুকর’ হিসেবে। তিনি আর কেউ নন, অভিনেতা মোশাররফ করিম।
বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে ভেঙে বারবার দর্শকের সামনে হাজির হয়েছেন মোশারফ করিম। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। এক ভক্তের আবেগঘন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই গুণী অভিনেতা।
গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। নিজের বয়স ও ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই চরিত্রে তার অভিনয় দেখে হলভর্তি দর্শক কেঁদেছেন, প্রশংসা করেছেন। সিনেমাটিতে নিজের চরিত্রকে এতটাই দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, ভক্তদের মুখে তার বন্দনা ছিল অনেকদিন ধরে।
কিন্তু মুদ্রার ওপিঠ যেন সম্পূর্ণ ভিন্ন। সিনেমার সেই প্রশংসিত রূপের বিপরীতে সম্প্রতি কিছু নাটকে তাকে দেখা যাচ্ছে নিজের বয়সের চেয়ে প্রায় ৩৫-৪০ বছর কম বয়সী এক ‘স্কুলছাত্র’ কিংবা নিচের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে রোমান্টিক নাটকের চরিত্রে! যা দেখে সাধারণ দর্শকরা থমকে গেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোশাররফ করিমের দুটি ভিন্ন লুকের কোলাজ ছবি শেয়ার করে এক ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘যে মানুষটা সিনেমায় নিজের বয়স অনুযায়ী একটি চরিত্র—যেখানে তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে চরিত্রে অভিনয় দেখে সবাই কান্না করেছে, প্রশংসা করেছে, চোখকে শান্তি দিয়েছে; সেই মানুষটা এখন নাটকে নিজের বয়সের ৩৫-৪০ বছর কম স্কুল পড়ুয়া ছাত্রের চরিত্রে অভিনয় শুধু যে চোখে লাগছে তা না, মানাচ্ছেও না।’
সেই ভক্তের পোস্টে আরও প্রকাশ পায় প্রিয় অভিনেতাকে নিয়ে এক বুক কষ্ট ও আকুতি। তিনি প্রশ্ন তুলে লিখেছেন, ‘তিনি কেন এমন চরিত্র বা নাটকে অভিনয় করছেন আমি বুঝতেছি না। উনার কি টাকা দরকার নাকি ভাই-ব্রাদারদের না বলতে পারেন না? যে মোশাররফ করিমের নাটক দেখে বড় হয়েছি, সেই মোশাররফ করিমের নাটক এখন দেখতে মন চায় না। আমি এমন মোশাররফ করিমকে নাটকে দেখতে চাই না।’
তিনি আরও লিখেছেন, ‘সে (মোশারফ করিম) ভালো গল্প, চরিত্রে অভিনয় করুক না হয় নাটক করা বন্ধ করে দিক। সিনেমাতে যদি এমন মোশাররফ করিমকে দেখতে পাই তাহলে আমি সিনেমাই চাই। ভালোবাসা অবিরাম অভিনয়ের দানব প্রিয় মোশাররফ করিম স্যার।’
