জুলাই গণঅভ্যুত্থান দিবসে এতিম শিশুদের মাঝে পাবিপ্রবি উপাচার্যের খাবার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে এতিম শিশুদের মাঝে পাবিপ্রবি উপাচার্যের খাবার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনা জেলার সিংগা এলাকায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্টের প্রায় দেড় শতাধিক অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিশুর মাঝে খাবার বিতরণ এবং তাদের সাথে বসে মধ্যাহ্নভোজ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

‎বুধবার (৫ আগস্ট) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মানব কল্যাণ ট্রাস্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় এতিম, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একসঙ্গে খাবার গ্রহণ করেন উপাচার্য।

‎এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, আয়োজক কমিটির আহ্বায়ক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক এবং মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল হোসেন।

‎সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

‎উপাচার্য বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় এতিম শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। সেই অনুপ্রেরণা থেকেই মানব কল্যাণ ট্রাস্টের শিশুদের সঙ্গে সময় কাটানো ও একসঙ্গে খাবার গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎উপাচার্য আরও বলেন, এ দোয়া মাহফিল থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবারের সদস্যদের জন্য মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি মানব কল্যাণ ট্রাস্টের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনা করেন।

‎উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।