ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
ভারতের সবচেয়ে জনবহুল এবং ২৪ কোটিরও বেশি মানুষের এই রাজ্যটিতে প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমি বৃষ্টির সময়ে প্রায়ই এমন ভারী বৃষ্টি ও দুর্যোগের সৃষ্টি হয়। লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রাজ্যের রিলিফ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলা অস্বাভাবিক ও ভারী বর্ষণের মধ্যেই সর্বশেষ এসব প্রাণহানির ঘটনা ঘটে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে আরও শক্তিশালী হয়ে ওঠায় ওই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এই দুর্যোগের ফলে রাজ্যটিতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অথচ এই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত হওয়ার কথা ছিল মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত ও চরম আবহাওয়া জনিত দুর্যোগ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা মনে করছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনই এই ধরনের চরম আবহাওয়া তৈরির প্রধান কারণ।