রাবিতে ‘গ্রীন ভয়েস’ এর মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়।
গ্রীষ্ম ও বর্ষার চিরচেনা দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, ড্রাগন, লটকন, কলাসহ বাহারি রকমের দেশীয় ফলের পসরা সাজানো হয়। বাঙালির ঐতিহ্য বিশেষভাবে কলা পাতায় এই ফল পরিবেশন করা হয়।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং গ্রীন ভয়েস রাবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক ইরফান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মুনিরা আক্তার সুমা এবং প্রচার সম্পাদক জাকারিয়া ইসলাম রনি।
উৎসবে আয়োজক কমিটির সদস্যসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক ‘সবুজ বন্ধু’ ও সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অতিথিরা গ্রীন ভয়েসের এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশীয় ফলের পরিচিতি এবং তরুণ প্রজন্মের মাঝে এর পুষ্টিগুণ ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।’
