জাবিতে র্যাগিং: পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) কিছু শিক্ষার্থীকে একই বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী মানসিক নির্যাতন, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে আঘাতের চেষ্টা করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্ত আট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমও চলমান থাকবে।