দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান মো. নাজমুল আলম।
রোববার (৩০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. নাজমুল আলমকে দুদকের মহাপরিচালক পদে দায়িত্ব দিয়ে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিকে দুদকের বর্তমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রশাসনের আরও বেশ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বদলি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর লিগ্যাল ও ইনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
পাশাপাশি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউছুফকে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
