বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৮) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের দুই দিন পর শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় এই মামলা করেন।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
এ মামলায় তাহসিফের বন্ধু এবং স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের কাছ থেকে দ্বীপকে নিজেদের হেফাজতে নেয় নৌ পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে তিনি মাকে ফোনে বার্তা পাঠিয়ে জানান যে, তিনি বাড়ি ফিরছেন। কিন্তু দীর্ঘক্ষণ পরও তিনি আর ফেরেননি।
পরদিন বুধবার বিকেলে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। প্রথমে পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তার পরিচয় শনাক্ত করা হয়।