ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে তাঁর নাম।
ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন মনিরুল ইসলাম স্বপন। ২০০৩ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ সময়ে সদস্য, প্রচার সম্পাদক, দপ্তর-সংক্রান্ত দায়িত্ব, গুলশান জোনের টিম লিডার, যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল স্বপনের। হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন তিনি। আন্দোলন চলাকালে হামলা-মামলা ও পুলিশি নির্যাতনেরও শিকার হয়েছেন। প্রেসক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জে তাঁর মুখের ভেতরে ১১টি সেলাই দিতে হয়েছিল বলে জানা গেছে। এসব প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি।
এ ছাড়া জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও নেতাকর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে ভূমিকা রাখেন মনিরুল ইসলাম স্বপন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক পদে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন করে সভাপতি পদে মনিরুল ইসলাম স্বপনকে দায়িত্ব দেওয়া হবে।
তবে নতুন কমিটিতে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর থেকেই নতুন কমিটির নেতৃত্ব নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।